নিজস্ব প্রতিবেদক, নড়াইল | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নড়াইল সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ মোট ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিংগোশোলপুর ইউনিয়নের খলিল শেখ গ্রুপের প্রধান খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, এবং একই গ্রুপের ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ও রেষারেষি চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বড়কুলা এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং ফেরদৌস হোসেন শেখ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় ফেরদৌস শেখের ছেলে মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওসিবুর নামে একজন গুরুতর আহত হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুনরায় সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

