বিশেষ প্রতিনিধি, ওয়াশিংটন: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন-৩’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই অক্টোবর (শুক্রবার) স্থানীয় সময় রাত ৯টায় নিউ ইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের আমন্ত্রণে আয়োজিত এই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা অংশগ্রহণ করেন। সভাটির সার্বিক প্রচারে ছিলেন আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে জোরালো দাবি জানান যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তাঁর বিরুদ্ধে ঘোষিত তথাকথিত ও প্রহসনমূলক সকল রায় অবিলম্বে বাতিল করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, “দেশ ও গণতন্ত্র আজ গভীর সংকটে। দেশকে রক্ষা করতে এবং শেখ হাসিনাকে সুরক্ষিত রাখতে দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের এখনই রাজপথে নেমে আসা উচিত।”
আলোচনা সভা থেকে এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর ওপর কোনো আঘাত আসলে বা তাঁর কোনো ক্ষতি হলে বাংলাদেশ একটি গভীর গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে, যার সমস্ত দায়ভার বর্তমান সংশ্লিষ্ট মহল ও কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
সমাবেশ থেকে শেখ হাসিনার নেতৃত্ব ও ‘স্বদেশ প্রত্যাবর্তন-৩’ সফল করার লক্ষ্যে প্রবাস থেকে শুরু করে দেশের রাজপথ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করা হয়।

