গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো সরকার বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে লাখো সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Infobangla ডেস্ক
ঢাকা | ৩১ জানুয়ারি ২০২৬

গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত কোনো সরকার বিভক্ত একটি জাতিকে কখনোই ঐক্যবদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেশের লাখো মানুষকে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।

এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটে ক্ষমতায় আসে না, তারা কখনো জনগণের ঐক্যের প্রতীক হতে পারে না। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি পক্ষপাতদুষ্ট ও প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।”

তিনি আরও বলেন, দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া মানে শুধু একটি দলকে নয়, বরং কোটি কোটি নাগরিককে রাষ্ট্র পরিচালনার অধিকার থেকে দূরে সরিয়ে দেওয়া। এটি গণতন্ত্রের চরম অবমাননা এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

শেখ হাসিনা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আওয়ামিলীগকে দমন করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতেই এই পরিকল্পিত অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের দল। এই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক হতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়—জনগণকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘস্থায়ী হয় না।”

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দিয়ে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *