চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে সাহাব উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া তছলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যবসায়ীকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তছলিমের নেতৃত্বে একটি চক্র এই হামলা চালায়। হামলায় রিদোয়ান, তাহের, মাহফুজ ও সাহাবুদ্দীন নামের আরও কয়েকজন অংশ নেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আহত সাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, পূর্বপরিকল্পিতভাবে অপরাধী চক্রের সদস্যরা একত্র হয়ে তার ওপর হামলা চালায়। এতে তার হাত, মাথা, বুক ও পায়ে গুরুতর জখম হয়। শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য সেলাই দিতে হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত জাকারিয়া তছলিমের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, সাহাব উদ্দিন নামের এক ব্যবসায়ীর ওপর হামলার খবর তারা পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

