শেখ ত্বোহা: পেশাগত কাজে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব সাংবাদিকদের সঙ্গে চরম অসদাচরণ করেন এবং হাত তোলার চেষ্টা করেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণ
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসযোগে উপজেলার ধরাভাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে পৌঁছালে একদল লোক গাড়ির পথরোধ করে এবং ইজারার টাকা দাবি করে।
সাংবাদিকরা নিজেদের পরিচয় দিয়ে পেশাগত কাজের কথা জানান এবং স্পষ্ট করেন যে, সাংবাদিকদের ব্যবহৃত গাড়ি কোনো ইজারার আওতাভুক্ত নয়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে মারমুখী হয়ে ওঠার অভিযোগ ওঠে।
প্রশাসনের পদক্ষেপ ও প্রতিক্রিয়া
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “সাংবাদিকদের গাড়ি থেকে কোনোভাবেই ইজারার টাকা আদায়ের সুযোগ নেই।” তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং পৌরসভা থেকে উক্ত ইজারা অবিলম্বে বাতিল করার কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। যুবদল নেতা বিপ্লবের সাথে সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান যে, তাঁর কোনো ভাতিজা নেই। একইসাথে পৌর কর্তৃপক্ষকে বিতর্কিত এই ইজারা দ্রুত বাতিল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিকদের এমন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ এবং অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

