অনলাইন ডেস্ক | ঢাকা
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন এক নারী আওয়ামী লীগ কর্মী। পুলিশের হাতে আটক সময় নিজের রাজনৈতিক পরিচয়ে অনড় থেকে তিনি চিৎকার করে বলেন, “আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার কর্মী।”
শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে বাধা দেয় এবং হেফাজতে নেয়।
আটক হওয়ার মুহূর্তে ওই নারীর কোনো ভীতি ছিল না; বরং সপ্রতিভভাবে নিজের রাজনৈতিক আনুগত্যের কথা প্রকাশ করেন তিনি। তাঁর এই বক্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল। আওয়ামী লীগ সমর্থকরা ভিডিওটি শেয়ার করে তাঁর সাহস ও আদর্শিক দৃঢ়তার প্রশংসা করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কড়া পুলিশি পাহারা বজায় রয়েছে।

