বিশেষ প্রতিনিধি | অনলাইন ডেস্ক
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে (পার্ট-৪) আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বন্দিদের খাবার দেওয়া বন্ধ রাখার এক চাঞ্চল্যকর ও নির্মম অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য প্রচারিত হওয়াকে কেন্দ্র করে প্রতিহিংসামূলকভাবে সেখানে থাকা রাজবন্দিদের ওপর এই অমানবিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কারাসূত্রে ও ভুক্তভোগী সাবেক বন্দিদের বিবরণ থেকে জানা যায়, শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচারিত হওয়া মানেই যেন কারাগারে থাকা নেতাকর্মীদের জন্য নেমে আসা এক নির্মম অভিশাপ। রাজনৈতিক কোনো পরিস্থিতি বা আপার বক্তব্য এলেই বন্দিদের ওপর মানসিক ও শারীরিক নিপীড়নের অংশ হিসেবে খাবার বন্ধ করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল পুরো দিন তাদের এক প্রকার অভুক্ত অবস্থায় দিন কাটাতে হয়েছে।
কারাগারের চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে ভুক্তভোগী এক সাবেক বন্দি আক্ষেপ করে জানান, এ ধরনের ঘটনার দিনে বন্দিদের প্রতি কোনো ন্যূনতম সহানুভূতি দেখানো হয় না। ক্যান্টিন থেকে অতিরিক্ত অর্থ খরচ করে খাবার কিনে খেতে চাইলেও পদে পদে বাঁধার সম্মুখীন হতে হয়। এমনকি পানের উপযোগী বিশুদ্ধ পানির বদলে শৌচাগার বা ওয়াশরুমের পানি পান করতে বাধ্য করার মতো চরম অমানবিক আচরণ চালানো হয় বন্দিদের ওপর।
কারাগারের অভ্যন্তরে মৌলিক মানবাধিকার ও কারাবিধির (Jail Code) এমন চরম লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অনতিবিলম্বে এ ধরনের অমানবিক আচরণ বন্ধ করে আটক রাজবন্দিদের জীবন রক্ষা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

