তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ ও গণগ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সড়ক অবরোধ ও আগুন দেওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকেই তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। দিনভর আন্দোলনের পরও মালিকপক্ষ বেতন পরিশোধে কোনো আশ্বাস না দিলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং সড়কে আগুন জ্বালিয়ে দেন।
অভিযোগ রয়েছে, একই সময়ে ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তাসহ কয়েকজন শ্রীলঙ্কান বিদেশি বায়ারকে (ক্রেতা) আটকে রাখেন। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে এবং আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়। তবে পুলিশ সূত্রের দাবি, শ্রমিকরা আহ্বান উপেক্ষা করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের ওপর পানি নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে লাঠিচার্জ চালায় এবং কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।
এদিকে আন্দোলন চলাকালে কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে গ্রেফতারের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার পর পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

