নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে পিবিআই ময়মনসিংহের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
অভিযান সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পিবিআইয়ের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে মাঠে নামে তদন্তকারী দল। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জেলার গৌরীপুর থেকে কুখ্যাত চোর ও একাধিক মামলার পলাতক আসামি মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও রং পরিবর্তন চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ছাত্রদল নেতার গ্রেপ্তারের বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানান, আশিক মিয়া উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

