স্টাফ রিপোর্টার, ঢাকা | ইনফো বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের শিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার (এক্সপেলড) করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ তারিখে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. ফেরদাউস ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষার মাঝপথে, অর্থাৎ বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওয়াশরুমে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন। এরপর বিভাগের সেমিনার কক্ষের সামনে গিয়ে ১৫তম ব্যাচের শিক্ষার্থী সোহরাবের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে নকল করার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন। নিয়ম লঙ্ঘনের দায়ে পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, বহিষ্কৃত মো. ফেরদাউস হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন এবং হলের অভ্যন্তরে প্রভাবশালী শিবির নেতা হিসেবে পরিচিত। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ‘জাগোনিউজ২৪’-এর ক্যাম্পাস সাংবাদিক হিসেবেও কর্মরত ছিলেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও ছাত্রনেতার এমন অনৈতিক কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

