নিজস্ব প্রতিবেদক: নগরীর নতুন ব্রিজ-কালুরঘাট সংযোগ সড়কে প্রাতর্ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে অলৌকিকভাবে আত্মরক্ষা করেছেন প্রথম বাংলাদেশী হিসেবে এক মৌসুমে এভারেস্ট ও লোটসে জয়ী পর্বতারোহী বাবর আলী ও তার সঙ্গী। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন এলাকায় সাইক্লিং ও দৌড়ানোর সময় এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তারা। পরবর্তীতে এক ফেসবুক বার্তায় প্রাতর্ভ্রমণকারীদের সতর্ক থাকার আকুল আহ্বান জানান বাবর আলী।
ঘটনার বর্ণনায় বাবর আলী জানান, সকালে তিনি ও তার সঙ্গী ইরফান সাইকেল নিয়ে নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে যান। অনুশীলনের আগে নদীর পাড়ে কংক্রিটের ব্লকের কাছে নামতেই টুপি পরা ত্রিশোর্ধ্ব এক যুবক ও দুই কিশোরের সন্দেহজনক গতিবিধি তাদের নজরে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে তারা দ্রুত মূল সড়কে উঠে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই তিনজনের সাথে আরও দুই যুবক যোগ দিয়ে মোট পাঁচজনের একটি দল তাদের ঘিরে ফেলার পাঁয়তারা করে। বাবরদের চলাচলের গতি বাড়লে ছিনতাইকারীরাও পিছু নেয় এবং একপর্যায়ে ধাওয়া করে হাঁকডাক শুরু করে।
অবস্থা বেগতিক দেখে দ্রুত কৌশলের আশ্রয় নেন দুই সঙ্গী। ইরফান তার কাছে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা বাবর আলীর হাতে তুলে দিয়ে জোরে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে বলেন। বাবর তীব্র গতিতে প্যাডেল চালিয়ে কিছুটা দূরত্ব তৈরি করেন এবং ইরফানও দৌড়ে নিরাপদ দূরত্বে চলে আসেন। তাদের এই উপস্থিত বুদ্ধি এবং সতর্কতার কারণে ছিনতাইকারী চক্রটি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়।
ভাগ্যবশত বড় কোনো ক্ষতি না হলেও এই ঘটনার পর চট্টগ্রামবাসীকে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এই তরুণ পর্বতারোহী। একাকী নির্জন এলাকায় প্রাতর্ভ্রমণ বা ব্যায়াম করতে না গিয়ে দলবদ্ধভাবে যাতায়াতের তাগিদ দিয়ে তিনি আক্ষেপের সুরে লেখেন, “কায়দা করে জীবনযাপন করা ছাড়া আর উপায় নেই আমাদের।”

