নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে যখন শিল্প ও সংস্কৃতির চর্চা চলে, বাংলাদেশে তখন ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি জেঁকে বসেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
২০ এপ্রিল, সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই রুমিন ফারহানা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আশ্বাস দিচ্ছেন যে দেশে আর মব কালচার চলবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা প্রতিনিয়ত মব দেখছি। অর্থাৎ মন্ত্রীর কড়া হুঁশিয়ারির কোনো প্রতিফলন মাঠ পর্যায়ে নেই।”
রুমিন ফারহানা অভিযোগ করেন, বিগত দেড় বছর ধরে সারা দেশে বিচারবহির্ভূত এই মব কালচার চলছে এবং বর্তমান সরকারের গত দুই মাসেও এর কোনো পরিবর্তন হয়নি। তিনি সাম্প্রতিক ও অতীতের কিছু ঘটনার উদাহরণ টেনে বলেন, সম্প্রতি কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনাটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থাকেই ফুটিয়ে তোলে।
দেড় বছর আগে চট্টগ্রামে মবের শিকার হয়ে একজনের মৃত্যু হলেও এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি, বলে অভিযোগ করেন তিনি।
সংস্কৃতির তুলনা করতে গিয়ে তিনি অনেকটা বিদ্রুপের সুরে বলেন, “বিশ্বের অন্যান্য দেশে মানুষ নাচ, গান এবং নানা সৃজনশীল সংস্কৃতির চর্চা করে। আর আমাদের দেশে এখন চর্চা হচ্ছে ‘মবের সংস্কৃতি’। মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর প্রশাসন তা ঠেকাতে ব্যর্থ হচ্ছে।”
সাংসদ রুমিন ফারহানা অনতিবিলম্বে এ ধরনের ‘মব জাস্টিস’ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
