নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য রায়হান পাটোয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপির ছাত্রদল কর্মী জাবেদ ও তার সহযোগীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালিয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় রায়হান পাটোয়ারী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাদরাপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রায়হান পাটোয়ারীর (পিতা: নুরু পাটোয়ারী) বাড়ির সামনে থাকা স-মিল ও দোকানপাট দখল করার চেষ্টা করে জাবেদ ও তার দলবল। দখল প্রচেষ্টায় বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রায়হান পাটোয়ারীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বজনদের দাবি, রায়হান পাটোয়ারী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মূলত ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যেই ছাত্রদল কর্মী জাবেদ এই হামলা চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
