**নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ জন স্থানীয় বাগান কর্মী নিহত হয়েছেন।
আজ ২৪ মে ২০২৬, রবিবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের রেজু ভালুকিয়া পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় তংচংগ্যা সম্প্রদায়ের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে রেজু ভালুকিয়া পাড়ার কাছে নিজেদের কলা বাগানে কাজ করতে যান ওই তিন তংচংগ্যা বাসিন্দা।
বাগান পরিচর্যার একপর্যায়ে সেখানে আগে থেকে পুঁতে রাখা একটি স্থল মাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কোনো পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী এই মাইন পুঁতে রেখেছিল, যার নির্মম শিকার হলেন এই নিরীহ শ্রমজীবী মানুষগুলো।
এই ঘটনার পর থেকে পুরো ঘুমধুম ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। একই সাথে নিহতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছেন।
নিহতদের এই মর্মান্তিক ও অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে সীমান্তে এই ধরনের মাইন ও বিস্ফোরক উদ্ধার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

