নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের হামের প্রকোপ। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৪ জন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে। সরকারি তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সর্বোচ্চ ১০ জনই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে ১ জন করে শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ৬৩ হাজার ৮১৩ শিশু। আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৫০ হাজার ৫৫৮ শিশুকে। তবে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় ইতিমধ্যে ৪৬ হাজার ২১৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত উদ্বেগজনক। অধিদপ্তর জানিয়েছে, মোট মৃত ৫২৮ শিশুর মধ্যে ৮৬ জন সুনির্দিষ্টভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে। বাকি ৪৪২ শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার করাসহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

