নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | ইনফো বাংলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট সংলগ্ন এলাকায় এই হামলার শিকার হন তিনি।
হামলায় তার সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে হকিস্টিক দিয়ে আঘাত শুরু করে।
তিনি জানান, হামলায় তার সাথে থাকা তিনজনের মাথা ফেটে গেছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া তাকে লক্ষ্য করে কিল-ঘুসি মারা হয় এবং হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও তিনি দাবি করেন।ঘটনার বিষয়ে এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এই সহিংসতা ঘটিয়েছে। হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় থানায় অবস্থান নেন।
তিনি জানান, তারা এই হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, থানার সামনেও অভিযুক্তরা পুনরায় হামলার জন্য জড়ো হচ্ছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝিনাইদহ জেলা ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা এবং অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

