নিজস্ব প্রতিবেদক | Info Bangla
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুর থানায় মামলাটি দায়ের করা হয়। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
ভুক্তভোগী নারী তাঁর স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি হলেন—সিলেট জেলার কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩২) এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়ির ভাড়াটিয়া। মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী ও তাঁর স্বামী ছয় মাস ধরে স্থানীয় হারুন অর রশিদের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং অগ্রিম ভাড়া পরিশোধ করে নতুন বাসায় মালামাল সরানোর কাজ শুরু করেন। গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফারুক ও নয়ন ওই বাসায় এসে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যার পর স্বামী বাসায় ফিরে এলে রাত ৯টার দিকে ফারুক ও নয়ন তাদের আরও দুই সহযোগীকে নিয়ে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তারা স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখে।
এরপর নয়ন ওই নারীকে টেনেহিঁচড়ে বাসার পাশের একটি পরিত্যক্ত টিনশেড কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ফারুক এবং বাইরে পাহারায় থাকা অজ্ঞাত দুই সহযোগীও তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান নিয়ে ভয়ভীতি প্রদর্শন করায় ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারেননি। পরে স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁদের উদ্ধার করেন এবং স্বজনদের সহায়তায় বৃহস্পতিবার থানায় মামলা করা হয়।
ভুক্তভোগীর স্বামী জানান, অভিযুক্তরা তাঁকেই পাশের কক্ষে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে নির্যাতন করে। ঘটনার পর বিচার চাইতে গেলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেয়। এতে চরম ভয়ে তাঁরা কয়েক দিন বাসা থেকে বের হতে পারেননি। পরে স্বজনদের সহায়তায় থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে ওই এলাকায় অভিযান শুরু করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারে চেষ্টা চলছে।

