নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রতিবেশী এক যুবক শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, আসামিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এদিকে, এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

