এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় আটক ৩

ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে খুলনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাসায় অবস্থান করছিলেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করে নিজেদের এনসিপি নেতা পরিচয় দেন।

তারা দাবি করেন, ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন—এমন অভিযোগ তুলে বিষয়টি ‘মীমাংসা’ করার নামে শাহনাজ পারভিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে আতঙ্কিত হয়ে শাহনাজ পারভিন কৌশলে সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে তিন জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য বলে দাবি করেছেন। ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *