নিজস্ব প্রতিবেদক | Info Bangla
ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে আসে। তারা নিজেদের সরকারি লোক পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এবং তার পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করে। তথ্য নেওয়ার একপর্যায়ে ‘লাইভ ভেরিফিকেশনের’ জন্য ছবি তুলতে হবে বলে রোশনা বেগমকে জানানো হয়। কথামতো তিনি মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকালে সুযোগ বুঝে তার কান থেকে পরিহিত স্বর্ণের দুল টেনে ছিনিয়ে নেয় ওই দুই যুবক। হঠাৎ ঘটে যাওয়া এই প্রতারণা ও ছিনতাইয়ের বিষয়টি বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেল হাঁকিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

