মুন্সিগঞ্জ প্রতিনিধি: বাসা থেকে তুলে নিয়ে অবরুদ্ধ রাখা, প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকা চাঁদা আদায় এবং পরবর্তীতে পুলিশি অভিযানে আসামিসহ পুরো টাকা উদ্ধারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। ভুক্তভোগী একজন রেজিস্টার্ড কাজি।
পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসিন্দা কাজি মো. হাবিবুর রহমান (৫২)-কে বিয়ে পড়ানোর অজুহাতে তিনটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান যুবদল নেতা রাজিব হোসেন, তার সহযোগী স্বপনসহ একদল লোক। প্রথমে নিজস্ব কার্যালয় এবং পরে মুক্তারপুর এলাকার একটি কক্ষে তাকে আটকে রেখে লাইসেন্স বাতিল ও মেরে ফেলার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে কাজি হাবিবুর রহমান শহরের কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক শাখা থেকে টাকা তুলে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে চাঁদাবাজদের হাতে তুলে দেন।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ও স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনের পরামর্শে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সদর থানার ওসি মো. তসলিমউদ্দিন জানান, “মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদায়কৃত দুই লাখ টাকাও উদ্ধার করা সম্ভব হয়েছে।”
ঘটনার শিকার কাজির ছেলে সাংবাদিক নাহিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও আমাদের এরকম হুমকির মুখোমুখি হতে হয়েছে। টাকা ফেরতের পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চাপও ছিল।”

