নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি মিছিল ও শোডাউন করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগ।
৬ সেপ্টেম্বর সকাল ৮টায় কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মুন্সির নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মহাসড়কে আয়োজিত এই মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে জুবায়ের মুন্সি বলেন, জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় পুরো দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেত্রীর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাঁর পথকে আরও সুগম করতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সর্বদা মাঠে কাজ করে যাচ্ছে। এছাড়া পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিবের দিকনির্দেশনা ও নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ যেকোনো ইতিবাচক ও সাংগঠনিক কার্যক্রমে মূখ্য ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক শক্তি ও চটজলদি তৎপরতা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে।

