জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এক দিনের ব্যবধান না যেতেই উপজেলায় আবারও এক বিকট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ির টয়লেটের ছাদ ভেঙে পড়েছে এবং পানির ট্যাংকটি উড়ে গিয়ে অন্য স্থানে ছিটকে পড়ে।
বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলি মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিকট বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর মাত্র একদিন আগেই উপজেলার বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বি কে নগর ইউনিয়নে প্রায় একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল।
ঘন ঘন এসব বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মনে চরম ভীতি ও নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে। তাদের দাবি, ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বা সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এর পেছনে কোনো নির্দিষ্ট অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জাজিরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরকের বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন:
“সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পারিপার্শ্বিক অবস্থা ও আলামত দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, ককটেল বা বোমাটি হয়তো আগে থেকেই সেখানে মজুদ করে রাখা ছিল। প্রখর রোদের তাপের কারণে এটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, বিস্ফোরকটি কোথা থেকে এলো এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই জাজিরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে বিলাসপুর ইউনিয়নে বারবার ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার, বিস্ফোরণে হতাহত এবং রাজনৈতিক ও সামাজিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এবার একদিনের ব্যবধানে দুটি পৃথক ইউনিয়নে পর পর বিস্ফোরণে পুরো জাজিরাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

