নিজস্ব প্রতিবেদক, সাভার (আশুলিয়া):
সাভারের আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ঢাকা জেলা ছাত্রদলের এক নেতাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং নজরদারির কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে ইয়াবা ৩,৮০০ পিস, হেরোইন১০০ গ্রাম,নগদ টাকা ২৫,৯১০ টাকা (মাদক বিক্রির), ৫টি সিসি ক্যামেরা ও ২টি মোবাইল ফোন
আটকৃতরা হলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু,পেশাদার নারী মাদক ব্যবসায়ী সুমনা আক্তার সহ মোট ৪ জন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা তাদের আস্তানার চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। সিসি ক্যামেরার মাধ্যমে বাইরে প্রশাসনের বা অপরিচিত কারও আনাগোনা পর্যবেক্ষণ করে অত্যন্ত সতর্কতার সাথে তারা এই ব্যবসা পরিচালনা করে আসছিল।
ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার আশুলিয়ার দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,”আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

