নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন।
রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া সাধারণ বিষয় নয়; গাঁজা সেবন না করলে তার মতো হওয়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, অতীতে এই নেতা জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া সমালোচনা ও গালিগালাজ করলেও বর্তমানে তাদের সঙ্গেই সখ্যতা গড়ে তুলেছেন এবং উল্টো বিএনপিকে গালিগালাজ করছেন। রাশেদ খাঁনের ভাষ্যমতে, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে জামায়াতে ইসলামীকে ‘ভারতের এক্সটেনশন’, ‘ভণ্ড’, ‘মুনাফেক’ এবং ‘ধর্মের নামে চেতনার ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এছাড়া তিনি জামায়াতের রাজনৈতিক দর্শনকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছিলেন।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, একটি দল সম্পর্কে এত নেতিবাচক ধারণা পোষণ করার পর আবার সেই দল থেকেই আসন নিয়ে নির্বাচন করার চিন্তা কেবল নেশাগ্রস্ত থাকলেই সম্ভব। তিনি এনসিপি-কে পরামর্শ দেন যাতে দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্যথায় শরীরের অতিরিক্ত নিকোটিনের প্রভাবে তিনি ভবিষ্যতে জামায়াতে যোগ দিয়ে এনসিপি-র বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য শুরু করতে পারেন বলে রাশেদ খাঁন আশঙ্কা প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক আদর্শের পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, বর্তমানে তিনি জামায়াতপন্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন এবং পডকাস্টিংয়ে নিজেকে শিবিরের সাবেক সাথী দাবি করছেন। অথচ ছাত্রজীবনে তাকে বামপন্থী রাজনীতি করতে দেখা গেছে। একজন ব্যক্তি কীভাবে শিবির থেকে বামপন্থী এবং পুনরায় জামায়াতপন্থী হয়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক কৌশলেরও সমালোচনা করেন।

