রাজধানীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা-সহ আহত ৩

স্টাফ রিপোর্টার :

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশী মুসা মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে দিয়া আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় দিয়ার মা, ছোট ভাই ও বোন গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

 জানা গেছে, অভিযুক্ত মুসা মিয়া দিয়ার পরিবারের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। সেই টাকা আদায়ের দাবি নিয়ে ভোরে তাদের বাসায় গেলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

হাসপাতালে দিয়াদের গাড়িচালক বিল্লাল হোসেন জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দিয়ার পরিবার মুসা মিয়াকে ছুরিকাঘাত করে।পাল্টা আক্রমণে মুসা মিয়া বেপরোয়া হয়ে চাপাতি দিয়ে দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫)এবং বোন জয়া আক্তারকে (১২) কুপিয়ে রক্তাক্ত করেন।

 ঘটনাস্থলেই গুরুতর আহত হন কলেজছাত্রী দিয়া। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার ছোট বোন জয়া মাদ্রাসায় এবং ভাই মোয়াজ স্কুলে পড়াশোনা করে। তুচ্ছ টাকার বিবাদে একটি সাজানো পরিবার নিমেষেই তছনছ হয়ে গেল।”

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মুসা মিয়া নিজেও আহত হয়েছেন। পুলিশ তাকে আটক করে নজরদারিতে রেখে চিকিৎসা দিচ্ছে।

 প্রাথমিকভাবে টাকা লেনদেনের বিষয়টি উঠে এলেও এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভোরের আলো ফোটার আগেই যাত্রাবাড়ীর এই এলাকায় নেমে আসা এমন শোকের ছায়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পাওনা টাকার বিরোধ কেন খুনাখুনিতে রূপ নিল, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *