কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সফল রূপ দিতে পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে এক বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট রোববার রাত ৯টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মজিবুর রহমান। পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু ও আরিফ বিল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান (মহিব)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে সফল ও মহিমান্বিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সর্বদা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, অতীতে যেভাবে ছাত্রলীগ তাঁর পাশে ছিল, ভবিষ্যতেও তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগকে একটি সুসংগঠিত ও স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
ভার্চুয়াল এই সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জি। কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা মোশাররফ আকন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ দেওয়ান ও সাধারণ সম্পাদক মিলন পহলোয়ান সুজন, পৌর যুবলীগের আহ্বায়ক ইসাহাক শেখ, মহিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবি, পৌর যুবলীগ নেতা ইউসুফ এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদ খান বাবু।
এছাড়াও মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি, অভিক মুখার্জি, রুবেল খান, শেখ সালমান সিফাতসহ পৌর ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

