রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের বিরোধকে কেন্দ্র করে মোখলেছুর রহমান (৫৫) নামের এক রিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন মোখলেছুর রহমান। রাতে এলাকার একটি বটগাছের নিচে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ কোনো চক্র রিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে শুক্রবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় তাকে নৃশংসভাবে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

