নিজস্ব প্রতিবেদক :
রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মালয়েশিয়া প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় রাজনৈতিক দলের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা বিভাগের পুলিশ সূত্রে জানা যায়, গত শনি ও রোববার টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- আব্দুর রউফ: সভাপতি, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপি (মামলার ১ নম্বর আসামি)
- রিপন: সভাপতি, বিমানবন্দর থানা ছাত্রদল (মামলার ২ নম্বর আসামি)
- আল-আমিন শান্ত: সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা ছাত্রদল (মামলার ৩ নম্বর আসামি)
এ ঘটনায় জড়িত আরও এক আসামি—বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল—বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী কাউসার তার পরিবারের ব্যবহার ও বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। বিমানবন্দর থেকে প্রবাসীর ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী সেই স্বর্ণ সংগ্রহ করে একটি ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন।
ওইদিন রাত ৮টা ৫ মিনিটে গাড়িটি বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করেন। এ সময় নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে এবং কাছে বোমা আছে বলে ভয়ভীতি দেখিয়ে তারা ভুক্তভোগীদের ওপর চড়াও হন। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জোরপূর্বক ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা।
ছিনতাইয়ের সময় স্থানীয় এক পথচারী ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করেন এবং অন্য এক পথচারী পুরো ঘটনার দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন। পরবর্তী সময়ে এই ভিডিও প্রমাণের ভিত্তিতে গত ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা (নম্বর: ৪৬) দায়ের করেন। পুলিশ ভিডিও ফুটেজ ও স্থানীয় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তদের আইনের আওতায় আনে।

