গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে এসে অবস্থান নেন। এ সময় তারা রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে আগুন জ্বালিয়ে পথরোধ করার চেষ্টা করেন। কিছু সময় মহাসড়কে অবস্থান করার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হঠাৎ এই বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং সাময়িক দুর্ভোগের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “হঠাৎ কয়েকজন ব্যক্তি ছাত্রলীগের নাম ব্যবহার করে সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হবে।”

