নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) এবং স্থানীয় চা বিক্রেতা আলমগীর (৩৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় হঠাৎ করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা পথচারী ও এক চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি গেন্ডারিয়া থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, পুলিশ গোলাগুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে। ঠিক কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

