*নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট নগরীর ঐতিহাসিক কিন ব্রিজ এলাকায় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরে প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধাওয়াকারী পুলিশ দল অভিযুক্ত মাদক ব্যবসায়ী আসাদউল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকেই আটক করতে সক্ষম হয়েছে।র্যাব-৯ ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে কিন ব্রিজ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বসে মাদক সেবন ও কেনাবেচা করছিল।
বিষয়টি টের পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় এবং মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে মাদক ব্যবসায়ীরা চারদিকে দৌড়ে পালাতে শুরু করে।ঠিক ওই সময়েই ঘটনাস্থলে সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। কর্তব্যরত অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে তাঁর দিকে ছুটে আসতে দেখে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে তাকে জাপটে ধরে ফেলেন। নিজেকে মুক্ত করতে ওই মাদক ব্যবসায়ী সাথে সাথে ধারালো ছুরি বের করে র্যাব সদস্য ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইকারীর হামলা মনে করা হলেও, পরবর্তীতে পুলিশ নিশ্চিত করে যে হামলাকারী মূলত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন একজনকে ধরে ফেললে সে তাঁকে ছুরিকাঘাত করে।তিনি আরও জানান, র্যাব সদস্যের ওপর হামলাকারী মূল অভিযুক্ত বাপ্পীকে ইতিমধ্যেই কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে।
এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে এবং কোতোয়ালি থানায় আইনি প্রক্রিয়া সচল রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় সিলেট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

