Headlines

বাড়ছে হামের প্রকোপ, পরীক্ষায় গড়ে শনাক্ত ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে গত মার্চ ও এপ্রিল মাসে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে নমুনা পরীক্ষায় হাম শনাক্তের হার ছিল ১৩ শতাংশ এবং ফেব্রুয়ারি মাসে তা ছিল ২৪ শতাংশ। তবে মার্চ ও এপ্রিল মাসে এই হার লাফিয়ে ৩৫ শতাংশে পৌঁছেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিশেষজ্ঞরা দ্রুত শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন।

​মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে দেশের নানা প্রান্তের ৭৮৭টি কেন্দ্র থেকে প্রতিদিন হামের নমুনা নিয়ে আসছেন স্বাস্থ্যকর্মীরা। আগে যেখানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি নমুনা পরীক্ষা করা হতো, বর্তমানে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ডা. খন্দকার মাহবুবা জামিল জানান, গত ডিসেম্বরের শেষ দিক থেকেই সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বৃদ্ধির ধারাবাহিকতা থাকলেও মার্চ মাসে এসে তা সবচেয়ে বেশি বেড়েছে।

​বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় পরিচালিত হামের নিরীক্ষণ তথ্য অনুযায়ী, সবশেষ ২০১৬ সালে দেশে বড় ধরনের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং সে বছর মোট ৯৭২ জন রোগী শনাক্ত হয়েছিল। বর্তমান সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে শিশুদের সুরক্ষিত রাখতে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *