ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দুই পথচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের সামনে এই সংঘর্ষ হয়। এতে দুই পথচারী গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে এক পক্ষ ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষ চলাকালীন এলাকায় ব্যাপক গুলিবর্ষণ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

​সংঘর্ষের সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে গুলিতে আহত হন মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিবুল ইসলাম (২২) নামে দুই পথচারী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে অন্তত আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *