নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ মোট ১৬ জন বাংলাদেশি জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ছয় দিন পার হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে উপকূলীয় জেলেপল্লীগুলোতে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ জেলেদের পরিবারগুলোর দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে তাদের মিয়ানমার কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে। তবে ঘটনার এক সপ্তাহ অতিক্রান্ত হলেও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, গত ২৫ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১৬ জন জেলে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হন। নিখোঁজদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ২৮ মার্চ জেলেদের সঙ্গে তাদের সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ হয়। সে সময় জেলেরা জানান, তারা মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন এবং সেখানে খাদ্য সংকটসহ অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। এরপর থেকেই তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যাচ্ছে এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দ্রুত জেলেদের সন্ধান ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বিগ্ন স্বজনরা।

