নিজস্ব প্রতিবেদক,
শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। কংক্রিটের বিম বা শক্ত মাটি দিয়ে বেইজ তৈরি করার পরিবর্তে কলাগাছ রেখে তার ওপর ইটের দেওয়াল তোলায় ক্ষুব্ধ স্থানীয়রা।
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সড়কের গাইডওয়াল নির্মাণের সময় নিচের অংশে যেখানে মজবুত ঢালাই থাকার কথা, সেখানে কয়েকটি আস্ত কলাগাছ ফেলে তার ওপর তড়িঘড়ি করে ইটের গাঁথুনি দেওয়া হচ্ছিল। নির্মাণকাজের এমন ভয়াবহ চিত্র দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান। কয়েকজন সচেতন ব্যক্তি দ্রুত এর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের অবহেলার কারণেই এমন অনিয়ম সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, কলাগাছ পচে গেলে পুরো দেওয়াল ধসে পড়বে এবং সড়কটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরা এলজিইডির তদারকি ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা স্থানীয় প্রকৌশল বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

