নিজস্ব প্রতিবেদক | Info Bangla
রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. রানা (৩৫) নামের এক গাড়িচালককে ঘরে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনের ময়নারবাগ বউ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালীর মাইজদীর সন্তান ও মৃত আবদুর রবের ছেলে রানা বর্তমানে ভাটারার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় বসবাস করছেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার দিন দুপুরে উত্তর বাড্ডায় পরিচিত জয় নামে এক ভাইয়ের বাসায় দাওয়াতে যান রানা। খাবার শেষে একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১০টার দিকে দরজায় শব্দ হয়। পরিচয় জানতে চেয়েও কোনো সাড়া না পাওয়ায় জয় বাসার মূল ফটকের দিকে এগিয়ে যান। এই সুযোগে তামিমসহ আরও দুজন ঘরে ঢুকে রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিছানায় থাকা অবস্থাতেই তার ডান পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আহত রানার পরিবারের দাবি, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত তামিম দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। রানা স্পষ্ট ভাষায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই এ হামলা চালানো হয়। জানা গেছে, অভিযুক্ত তামিম বাড্ডার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং তার বিরুদ্ধে পূর্বেও একটি হত্যা মামলা রয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি বাড্ডা থানাকে অভিহিত করা হয়েছে।

