নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২০ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ টাকা ও ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার পেট্রলের দাম ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।
আজ রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্য নির্ধারণের কথা জানানো হয়। নির্ধারিত এই নতুন দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিগত পাঁচ মাস ধরে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেকটাই কম ছিল। উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল।
জ্বালানি বিভাগ আরও জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখনো অব্যাহত। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও সরকার জনস্বার্থের কথা বিবেচনা করে এতদিন মূল্যবৃদ্ধি করেনি। এর ফলে গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই সরকারকে এই নতুন মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।

