নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে ঢাকা লগডাউন কর্মসূচি পালনের জেরে যুবলীগ নেতা নজরুল ফকিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথিত রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর রাতে লতাচাপলীতে একটি মশাল মিছিল বের করা হয়। মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান থানা যুবলীগ নেতা নজরুল ফকিরের নেতৃত্বে এবং পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পরবর্তীতে এই কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, সাবেক এমপি মহিববুর রহমান এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি-সম্পাদকের আইডি সহ বিভিন্ন আওয়ামীলীগের নেতাকর্মীদের আইডি থেকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলের পরপরই যুবলীগ নেতা নজরুল ফকির তার কর্মী-সমর্থকদের নিয়ে এলাকা ত্যাগ করেন। এরপর ২০ সেপ্টেম্বর সকালে তার বাড়িতে অনুপস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মহিপুর থানা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী যুবলীগ নেতা নজরুল ফকির বলেন, “কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচি এবং সাবেক এমপি মহিববুর রহমানের সার্বিক সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পটুয়াখালী জেলা যুবলীগের নিদর্শনায় কর্মসূচি পালন করেছি। কিন্তু এই কর্মসূচি পালনের জের ধরেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে।”
তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বর্তমানেও তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে গ্রেফতারে পুলিশের প্রস্তুতি চলছে। তবে সকল ঝুঁকি উপেক্ষা করে তিনি দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সাবেক এমপি মহিববুর রহমান সবসময় তার খোঁজখবর রাখছেন ও সহযোগিতা করে যাচ্ছেন। দুর্দিনের এই দুঃসাহসিক কর্মকাণ্ড দল মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুঠোফোনে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, “যুবলীগ নেতা নজরুল ফকিরের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়টি আমি অবগত আছি। হামলার শিকার হওয়া নেতাকর্মীদের পাশে আমি সবসময় আছি এবং তাদের সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতা প্রদান করা হবে।”
তিনি আরও যোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে ঢাকা ও কলাপাড়ার রাজপথে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহসিকতার সাথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে এ অঞ্চলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে এবং তিনি সাধ্যমতো এসব নেতাকর্মীর পাশে থাকবেন।

