কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ফিরোজ মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজনৈতিক কোন্দল ও নিরাপত্তার ভয়ে আত্মগোপনে ছিলেন আনোয়ার হোসেন। শনিবার গভীর রাতে তিনি গোপনে নিজ পরিবার ও সন্তানদের দেখতে বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলে ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বসতঘর ঘেরাও করে। একপর্যায়ে তারা ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

