নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: দীর্ঘ দুই বছর পর অসুস্থ মাকে দেখতে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মুসা আলী ওরফে মোস্তফা ফিরোজ।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সৈয়দপুর থানা পুলিশ তাকে নীলফামারী সদর কোর্টে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফা ফিরোজের বিরুদ্ধে সৈয়দপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে একটি মামলা রয়েছে। সৈয়দপুর থানার এফআইআর নম্বর- ২০, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তার বাড়ি সৈয়দপুর উপজেলার কুন্দল পশ্চিমপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, মোস্তফা ফিরোজ দীর্ঘ দুই বছর ধরে এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি অসুস্থ মাকে দেখার জন্য গোপনে বাড়িতে আসেন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করে।
আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় নীলফামারী সদর আদালতে পাঠানো হয়।

