নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা শুরু হয়েছে। ভারতের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘নিউ দিল্লি পোস্ট’-এ প্রকাশিত দিল্লিভিত্তিক জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সময় তাঁর সঙ্গে বিভিন্ন দেশের সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদল থাকতে পারে। এই বিশেষ প্রতিনিধিদল গঠনের নেপথ্যে আন্তর্জাতিক মহলের সক্রিয় আগ্রহ রয়েছে। বিশেষ করে জার্মানির সাবেক রাষ্ট্রদূত এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই সম্ভাব্য উপস্থিতি দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সব পক্ষের অংশগ্রহণে একটি সমঝোতার পরিবেশ তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক কূটনীতির এই ইতিবাচক বার্তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

