নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা ও উত্তাপের সৃষ্টি হয়েছে। আগামী ডিসেম্বরের দিকে তিনি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
সম্প্রতি প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানান, আগামী ডিসেম্বরের দিকে তার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ, সময় এবং কোন পথে তিনি দেশে প্রবেশ করবেন, তা উপযুক্ত সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে জুলাই ও আগস্ট মাসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে ডিসেম্বরের দিকে দেশে ফিরে তিনি আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং আত্মসমর্পণ করতে প্রস্তুত। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও আইনি রায়গুলোকে তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে নানা সমীকরণ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ওপর থেকে বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন এবং সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ঢাকা থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি আইনি কাঠামোর আওতায় পর্যালোচনা করছে ভারত। সব মিলিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন মোড়ে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

