বগুড়া প্রতিনিধি:
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী নারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে একই দিন সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হলে ফিরোজা বেগমকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
ঘটনা ও মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী গাড়িযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে পথচারী ফিরোজা বেগমকে গাড়িটি সজোড়ে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
