নাটোর প্রতিনিধি: নাটোরে বিআরটিসির বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ এবং যুবদল কর্মী আসলাম হোসেনকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বনপাড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধাসহ আরও দুই নেতাকর্মী রয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনের একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ কয়েকজন নেতাকর্মী বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হোসেন আলী ফকির ও মমতাজউদ্দিন শেখ গুরুতর জখম হন।
পরবর্তীতে কিছু দূরে অবস্থান করা আকতার হোসেনের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলা চলাকালে একটি চায়ের দোকান এবং ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনার পর পুরো বনপাড়া পৌর শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

