ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদ প্রতিনিধিকে কেন্দ্র করে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহিম খলিল শিকদারের কক্ষে দুই বহিরাগত মাদ্রাসা শিক্ষার্থীকে আপত্তিকর ও অসংগত অবস্থায় পাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রাপ্ত তথ্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত ২৭ তারিখে এজিএস ইব্রাহিম খলিল শিকদারের নিজ কক্ষে তার আমন্ত্রিত দুই মাদ্রাসা শিক্ষার্থী অবস্থান করছিলেন। একপর্যায়ে কক্ষের ভেতরে তাদের অনৈতিক কর্মকান্ডের বিষয় প্রত্যক্ষদর্শীদের নজরে আসে।
ঘটনার পরই উপস্থিত শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাথমিক বক্তব্য এবং স্বীকারোক্তি গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের হল সংসদ প্রতিনিধির কক্ষে এ ধরনের নেক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনা হলের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, উক্ত ঘটনার সপক্ষে কিছু স্পর্শকাতর ভিডিওচিত্র সংগৃহীত হলেও নীতিগত কারণে তা প্রকাশের অযোগ্য বলে গণ্য করা হচ্ছে। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে প্রত্যক্ষদর্শীরা নিজেদের নাম-পরিচয় গোপন রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে হলের নিরাপত্তা ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হল প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

