রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি |
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার (২৪ মে) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরিজকান্দি রেলগেট সংলগ্ন ওই মুরগির খামারে অবস্থান করছিলেন ইয়াসমিন ও চাঁদনী। হঠাৎ দুর্বৃত্তরা সেখানে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ইয়াসমিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। বর্তমানে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমাদের তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।”
এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন।
