নিজস্ব প্রতিবেদক | Info Bangla
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশি–বিদেশি চক্রান্তকারীরা শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সহ্য করতে পারতেন না। বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল ভাবনা। মহান নেতৃত্বের স্পর্শেই বিএনপি আজ জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি। নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে দলটি বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগের অঙ্গীকার একে একে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাঁর কাজে সততা প্রতিষ্ঠিত করেছেন, যা বিএনপির জন্য এক বড় গৌরব।
একই অনুষ্ঠানে শরীয়তপুরে সাংবাদিক নিপীড়নের ঘটনার বিষয়ে রিজভী জানান, ঘটনাটি সত্য হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জানান, জাতীয়তাবাদী দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে সাফল্যমণ্ডিত করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রধানমন্ত্রী মাজারে যাবেন এবং দোয়া-মোনাজাত করবেন। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আরও কিছু খসড়া কর্মসূচি নেওয়া হয়েছে, যা শিগগিরই চূড়ান্ত আলোচনা শেষে প্রকাশ করা হবে।
