গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাংলোর বাথরুম থেকে হাবিবুর রহমান (নায়েক) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের স্টেশন রোডস্থ এসপির বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান পুলিশ সুপারের বাসভবনেই কর্তব্যরত ছিলেন।তার বাড়ি নীলফামারী জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন হাবিবুর রহমান। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ ও অভিমানের বশেই তিনি বাথরুমে প্রবেশ করে আত্মহননের পথ বেছে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত পুলিশ সদস্যের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা ইতোমধ্যে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
