চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজ অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রুপম দাস।

​বুধবার (২৬ আগস্ট) পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে বিষয়টি নিশ্চিত করেন।

​উপমা দে জানান, পিন্টু দাস পরিবার নিয়ে চাঁদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। বিভিন্ন কারণে তিনি ঋণগ্রস্ত ছিলেন। সম্প্রতি পাটোয়ারী বাড়ির এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলেও পরিবারের স্বজনরা জানতে পারেন। এরপর থেকেই তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নিখোঁজ রয়েছেন।

​স্থানীয়দের দাবি, পিন্টু দাস স্বর্ণের বন্ধকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার পর সময়মতো তা ফেরত দিতে না পারায় তিনি তীব্র আর্থিক সংকটে পড়েন। একাধিক স্থানে দোকান পরিবর্তনের পর সর্বশেষ শহরের মদিনা মার্কেটের নিচতলায় ব্যবসা পরিচালনা করতেন তিনি। সেখানে স্বর্ণের বাজারমূল্যের চেয়ে অনেক কম টাকা দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

​ভুক্তভোগী রঘুনাথপুরের বাসিন্দা রাসেল খান অভিযোগ করেন, তিনি আড়াই ভরি স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় পিন্টু দাসের কাছে বন্ধক রেখেছিলেন। টাকা ফেরত দিয়ে স্বর্ণ নিতে গেলে পিন্টু দাস তাকে পরদিন আসতে বলেন। এরপরই সপরিবারে তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান রাসেল। এছাড়া দক্ষিণ গুণরাজদীর জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা স্বর্ণ বন্ধক রেখেছিলেন বলে দাবি করেছেন।

​জানা গেছে, পিন্টু দাসের মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। কুমিল্লা ও মুদাফফরগঞ্জেও তার আত্মীয়স্বজন রয়েছেন। বর্তমানে পিন্টু দাস পরিবারসহ নিখোঁজ নাকি ঋণের দায় ও হুমকির মুখে আত্মগোপনে গেছেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

​চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস জানান, তিনি নিজে আত্মগোপনে থাকলে তাকে খুঁজে বের করা কঠিন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।

​অন্যদিকে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পিন্টু দাসসহ তার পরিবারের চারজন নিখোঁজ থাকার বিষয়টি তারা অবগত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version